সারাদেশ
বেনাপোলে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক
যশোরের বেনাপোলে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। তার বয়স ২৭ বছর।
শনিবার ১৭ অক্টোবর রাত দেড়টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের বেনাপোল যশোর মহাসড়কে মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাভারণ থেকে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানে অস্ত্রের চালান নিয়ে বেনাপোলের দিকে আসা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি টহল দল ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। পরে ভ্যানটি সেখানে পৌঁছালে পুলিশ সেটির গতিরোধ করে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে ভ্যানচালকের আসনের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, অস্ত্রসহ এক ভ্যানচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিকে যশোর আদালতে পাঠানো হবে।