সারাদেশ
খুলনা জেলা প্রশাসনের আইসিটি রুমে আগুন
খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় জেলা প্রশাসনের সব কার্যালয় বন্ধ ছিল। সন্ধ্যার দিকে ভবনের দ্বিতীয় তলায় আইসিটি রুমে আগুন দেখতে পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পাওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা ৭টার পরও ওই কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সন্ধ্যা ৭টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, জেলা প্রশাসনের আইসিটি রুমে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।