সারাদেশ
কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির সংঘর্ষ, নিহত ১
জামালপুর জেলা কারাগারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই হাজতির মধ্যে সংঘর্ষের জেরে একজনের মৃত্যু হয়েছে। নিহত হাজতি হযরত (২৫) শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে। নিহত মো. পাগলা হযরত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের ইমান হোসেনের ছেলে এবং বকশীগঞ্জ থানার একটি মামলায় কারাবন্দী ছিলেন। অন্য হাজতি রহিদুর মিয়া (৪০) বকশীগঞ্জের কামালপুর বালুরগাঁও এলাকার মৃত ছামিউল হকের ছেলে।
কারাগার সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরত ও রহিদুর মিয়ার মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরো দিয়ে হযরতের মাথায় একাধিকবার আঘাত করেন।
গুরুতর আহত হযরতকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা খারাপ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা বলেন, নিহত হযরতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অভিযুক্ত হাজতি রহিদুর মিয়া বর্তমানে জামালপুর জেলা কারাগারেই রয়েছে।