সারাদেশ

ময়মনসিংহে হঠাৎ ২০০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে যুবক, অতঃপর...


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম

ময়মনসিংহে হঠাৎ ২০০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে যুবক, অতঃপর...
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০০ ফুট উঁচু একটি বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক যুবক। প্রায় সাত ঘণ্টার শ্বাসরুদ্ধকর চেষ্টায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গাংগাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া যুবকের নাম মো. সাগর (৩৩)। তিনি নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কৃষকেরা মাঠে কাজ করার সময় সাগরকে নবনির্মিত বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে ঘোরাঘুরি করতে দেখেন। একপর্যায়ে তাকে টাওয়ারের তারের ওপর শুয়ে-বসে হাত-পা নাড়াতেও দেখা যায়। প্রায় ২০০ ফুট ওপর থেকে তার এমন কর্মকাণ্ড দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে তারা ভালুকা ফায়ার সার্ভিস ও মডেল থানায় খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন কৌশল প্রয়োগের পর প্রায় সাত ঘণ্টা চেষ্টায় সাগরকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা সম্ভব হয়।

স্থানীয় কৃষক মো. হারুন মিয়া ও জুয়েল মিয়া জানান, জমিতে কাজ করার সময় তারা যুবকটিকে টাওয়ারে উঠে ঘোরাঘুরি করতে দেখেন। এমনকি কয়েকবার তাকে তারের ওপর শুয়েও থাকতে দেখা যায়। বিষয়টি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তারা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক সবুজ মিয়া জানান, ওই বিদ্যুৎ লাইনে নতুন তার টানা হলেও এখনো সংযোগ দেওয়া হয়নি। তবে টাওয়ার থেকে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে বিভিন্ন কৌশলে যুবকটিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সাগরকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পরিবারের সদস্যরা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।