সারাদেশ
জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জামালপুরে রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস লাহেরীকান্দা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশাটির ওপর পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয়রা।
এদিকে, রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে দায়ীদের শাস্তির দাবি জানান। এতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। দুজনের মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও দুজনের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। উল্টে পড়ে থাকা বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটি সরানোর কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।