সারাদেশ
জামালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এসব আয়োজন করা হয়।
মঙ্গলবার বেলা ১২টার দিকে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র সভাপতি লোকমান হোসেন খান লোটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সজীব খান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেজ আলী মামুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন এবং জামালপুর জেলা বিএনপির সহসভাপতি শহীদুল হক মিলন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন।
র্যালিটি ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে জামালপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলা বিএনপির নেতারা জানান, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।