সারাদেশ

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু, আহত এক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু, আহত এক
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার কোনা মালঞ্চ ও দেওয়ানগঞ্জ উপজেলা সদর এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার পুরাতন রেললাইন এলাকার রাজু (১৪) ও তার মা লাকী আক্তার (৪০)। অপর নিহত মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব মেলান্দহ উপজেলার দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মোহাম্মদ কাজল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত হয়েছেন রাজুর দাদি বুলি বেগম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় একটি বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু সেটি মেরামতের চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে আটকে যায়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার মা লাকী আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় নাতি ও পুত্রবধূকে বিপদে পড়তে দেখে তাদের উদ্ধারে এগিয়ে যান বুলি বেগম। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে রাজু ও লাকী আক্তারকে মৃত ঘোষণা করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় জোনায়েদ হাসান তায়িব।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রেণিকক্ষে বই রেখে বিরতির সময় বাইরে খেলতে যায় তায়িব। ছুটি শেষে বই আনতে শ্রেণিকক্ষে ফেরার পথে ভবনের ছাদসংলগ্ন স্থানে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।