সারাদেশ

ময়মনসিংহ-ফুলপুর সড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

ময়মনসিংহ-ফুলপুর সড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক সড়কের আলালপুর এলাকায় খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) এবং ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০)। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন ও অজ্ঞাতপরিচয় আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন। তাঁর পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর বাস দুটি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।