সারাদেশ
স্কুলে মারামারি করা সেই দুই শিক্ষক স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। একই সঙ্গে তাদের দুজনকে বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় তিনি প্রতিবেদন পেয়েছেন। এরপর বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাদের দুজনকে বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
সম্প্রতি ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জানা যায়, ওই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে তারা মারামারিতে জড়ান। গত মঙ্গলবার বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে আফজাল হোসেন ও আসমা বেগম মারামারিতে জড়ান। ২০০৪ সালে তাদের বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
প্রায় ১৪ বছর ধরে স্বামী-স্ত্রী আলাদা থাকেন। তাদের মধ্যে আদালতে মামলাও চলছে। দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।