সারাদেশ
দোকানে বসে ছিলেন সাংবাদিক, মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি করে হত্যা
নেত্রকোনার দুর্গাপুরে দোকানে বসে থাকা লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তার গ্রামের বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমদ খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি দোকানে বসে ছিলেন লুৎফুজ্জামান আলিফ। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এর আগে, গত ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামান আলিফকে কুপিয়ে জখম করেছিল। এ সময় তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক চোরাচালান নিয়ে লেখালেখি করতেন ওই সাংবাদিক।