সারাদেশ
বিএনপি নেতার পুত্রবধূর বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির মামলা
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের পুত্রবধূ লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে মামলা হয়েছে। হিয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেনের স্ত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এবং রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন।
অভিযুক্ত লুবানা ইয়াসমিন হিয়া ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রসায়ন বিভাগের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, গত ১০ অক্টোবর বনানী থানায় হিয়ার বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে মামলা করেন সেনা কর্মকর্তা মেজর রায়হানের স্ত্রী মোবাশ্বিরা রায়হান লিনা।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টের বনানী এলাকার সরকারি কোয়ার্টারে লিনার আত্মীয় হিয়াকে বাসায় রেখে সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যান মেজর রায়হান ও তার স্ত্রী। তারা বাসায় ফিরে হিয়াকে দেখতে না পেয়ে খোঁজ নেন। পরে লিনা তার স্বর্ণের গহনা খুঁজে না পেয়ে চুরির অভিযোগে বনানী থানায় মামলা করেন। ঘটনার পর থেকে হিয়া আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন লিনা।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুন বলেন, “আমার কিছু বলার নেই। আমি সেপারেশনে আছি। আপনার যা করার করুন।”
জানা গেছে, চুরির মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর আপাতত আত্মগোপনে রয়েছেন হিয়া।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, “আমার ছেলের বউয়ের পড়াশোনার খরচ, খাওয়া দাওয়ার খরচ দিলেও তার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় নিয়ে আমার কিছু করার নেই। এ বিষয়ে তার পরিবার বলতে পারবে, তাদের সঙ্গে যোগাযোগ করুন।”
অন্যদিকে, লুবানা ইয়াসমিন হিয়ার বাবা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান অভিযোগটিকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, তার মেয়ে জামিনে রয়েছেন এবং বিষয়টি স্থানীয় সংসদ সদস্যও জানেন। আত্মীয়স্বজনের মধ্যে বিরোধের কারণে এ মামলা করা হয়েছে দাবি করে তিনি বলেন, তারা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করবেন।