সারাদেশ
ছাত্রলীগের হামলার জেরে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার পর শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে লঞ্চঘাট এলাকায় এনসিপি নেতাদের গাড়িবহর লক্ষ্য করে পরিকল্পিত হামলার জেরে জেলা প্রশাসন পুরো গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গাড়িবহরটি অতিক্রম করার সময় ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা তখন সমাবেশ শেষে শহর ত্যাগ করছিলেন। হামলাকারীরা হেলমেট পরে গাড়ির ওপর আক্রমণ চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে ফাঁকা গুলি ছোড়ে, এরপর রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেও পরিস্থিতি পুরোপুরি শান্ত করা সম্ভব হয়নি। শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা রণক্ষেত্রে রূপ নিয়েছে বলে জানিয়েছেন সেখানে উপস্থিত সংবাদকর্মীরা। হামলাকারীরা সমাবেশের মঞ্চ ভেঙে রাস্তায় টেনে এনে চেয়ার-টেবিল জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কে শহরের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং যান চলাচল পুরোপুরি অচল হয়ে পড়েছে।
জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারার আওতায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত এবং চারজনের বেশি লোক একত্রিত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে এবং হামলার মূল হোতাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপালগঞ্জ শহরের বর্তমান পরিস্থিতি থমথমে ও উত্তেজনাপূর্ণ বলে জানা গেছে।