সারাদেশ
গোপালগঞ্জে এনসিপি'র কর্মসূচিতে হামলার প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে এনসিপি'র পূর্বঘোষিত 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আ.লীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের কেডির মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রীজের মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শামীনূর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম শ্যামল, জেলা যুবদলের সদস্য সামিউল ইসলাম পারভেজ, তৌফিক ওমর সজল, সৌরভ খান, সোহেল, ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক শাহাজাহান বাদশা প্রমুখ।
বক্তারা গোপালগঞ্জে এনসিপি'র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসর'রা মরণকামড় দিয়ে ইন্টেরিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারিদে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোন পথ নেই বলে উল্লেখ করেন।
বক্তারা গোপালগঞ্জে এনসিপি'র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। এবং আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন।