সারাদেশ

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন যাত্রী। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরা থেকে ঢাকাগামী রয়েল পরিবহন এবং ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরও একজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কানাইপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, বেপরোয়া গতিতে বাস দুটি চলছিল। এর ফলে সামান্য অসতর্কতায় ঘটে যায় প্রাণঘাতী সংঘর্ষ।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন দাবি করেছেন।

সড়ক দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় মানবিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি উঠছে সামাজিকভাবে।