সারাদেশ

চুয়াডাঙ্গায় ‘প্রকৃতি সংরক্ষণ দিবস’ উদযাপন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম

চুয়াডাঙ্গায় ‘প্রকৃতি সংরক্ষণ দিবস’ উদযাপন
ছবি: ঢাকাপ্রকাশ

বিশ্বব্যাপী প্রকৃতি বিপর্যয়ের প্রেক্ষাপটে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় পালিত হলো ‘প্রকৃতি সংরক্ষণ দিবস’।

সোমবার সকাল ১০টায় ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টারের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশনের এগ্রো ইকোলজি প্রকল্প, পিকেএসএফ-এর সহযোগিতায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাভা, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর এবং সাধারণ সম্পাদক লাইলা পারভীন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। প্রকল্পের প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রো ইকোলজি প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী সাখাওয়াত হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “পৃথিবী আজ প্রকৃতি ধ্বংসের ফলে নানা দুর্যোগের মুখোমুখি। একদিকে আমরা খাল-বিল ভরাট করছি, বন উজাড় করছি, অপরদিকে প্রকৃতি এর প্রতিশোধ নিচ্ছে পাহাড় ধস, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় ও বন্যার মাধ্যমে।” তাঁরা আরও বলেন, “রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে দেশীয় মাছ বিলুপ্তির পথে। আমাদের সচেতন হতে হবে। প্রকৃতির ওপর অমানবিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।”

 

Chuadanga -2-Dhaka Prokah News-28-07-2025.jpg
ছবি: ঢাকাপ্রকাশ

সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় যা গো গ্রীন সেন্টার চত্বর ঘুরে এসে শেষ হয়। পরে অতিথি ও অংশগ্রহণকারীরা সেখানে বৃক্ষরোপণ করেন। শেষে উপস্থিতদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে প্রকৃতি সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ভূমিকা রাখে।