সারাদেশ

অর্ধলক্ষ টাকায় বিক্রি পদ্মার এক পাঙ্গাস


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:২৯ পিএম

অর্ধলক্ষ টাকায় বিক্রি পদ্মার এক পাঙ্গাস
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ। শুক্রবার (১ আগস্ট) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছটি ২ হাজার ৩ শত টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, বাচ্চু হালদার নামে এক জেলে তার সঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার রাতে পদ্মা নদীতে জাল ফেলেন। পরদিন ভোরে তাদের জালে উঠে আসে মাছটি। পরে শুক্রবার সকালে স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, “নিলামে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় কিনেছিলাম। পরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এক ব্যবসায়ীর কাছে সামান্য লাভে বিক্রি করেছি।”

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, “পদ্মায় বর্তমানে বড় আকৃতির পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে। তবে মাছ ধরার সময় জেলেদের সাবধান থাকতে হবে যেন শুশুক বা বাগাইড় জাতের মাছ জালে না ধরা পড়ে। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় এর বাজারমূল্য অনেক বেশি।”