সারাদেশ

৩৩ বছর ধরে বাম হাতের নখ কাটেননি অরুণ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম

৩৩ বছর ধরে বাম হাতের নখ কাটেননি অরুণ
ছবি: সংগৃহীত

শখের বসে মানুষ কত কিছুই না করে! তবে সেই শখ যদি হয় ব্যতিক্রমী, তাহলে তা রীতিমতো কৌতূহলের জন্ম দেয়। এমনই ব্যতিক্রমী এক শখের জন্য দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অরুণ কুমার সরকার (৪০) হয়ে উঠেছেন আশপাশের মানুষের কাছে এক বিস্ময়।

মাত্র ৭ বছর বয়সে, ১৯৯৩ সালে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় কৌতূহলবশত বাঁ হাতের নখ না কেটে বড় করতে শুরু করেন অরুণ। সেই ছোট্ট কৌতূহলই ধীরে ধীরে পরিণত হয় ভালোবাসায়। এরপর আর কখনোই তিনি বাঁ হাতের নখ কাটেননি। এভাবেই কেটে গেছে ৩৩ বছর।

বর্তমানে অরুণের বাম হাতের নখের দৈর্ঘ্য বিশাল এবং ভিন্ন ভিন্নভাবে বিস্ময়কর: অনামিকা: ১৫ ইঞ্চি, কনিষ্ঠা: ১৩ ইঞ্চি, মধ্যমা: ১১ ইঞ্চি, তর্জনী: ২ ইঞ্চি, বৃদ্ধাঙ্গুল: দেড় ইঞ্চি

এই লম্বা নখ দেখতে প্রতিদিনই আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করেন তার বাড়িতে বা দোকানে। অনেকে ছবি তুলে নেন স্মৃতিস্বরূপ।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা, রেজাউল করিম ও পার্থ মণ্ডল বলেন, “অরুণ বহু বছর ধরে নখ রেখে আসছেন। দেখতে দারুণ লাগে। এটা সবার পক্ষে সম্ভব নয়। ধৈর্য, যত্ন আর ইচ্ছাশক্তির ব্যাপার।”

অরুণ ২০০৩ সালে বিয়ে করেন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক এবং নিজস্ব ‘কান্না ডিজিটাল ফটো স্টুডিও’ পরিচালনা করছেন।

তবে এত লম্বা নখ থাকা সত্ত্বেও তার দৈনন্দিন জীবনে কোনো সমস্যা হয় না বলে দাবি অরুণের। তিনি বলেন, "নখের প্রতি আমার ভালোবাসা এতটাই যে কাটার কথা ভাবতেই পারি না। যদি ভেঙে যায়, খুব কষ্ট পাই।"

অরুণের এই শখ নিয়ে চিকিৎসা মহল অবশ্য কিছুটা চিন্তিত। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর বলেন, "দীর্ঘদিন নখ না কাটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এতে ময়লা জমে সংক্রমণ হতে পারে এবং নখের গঠনগত পরিবর্তনের কারণে আঙুলে ক্ষতির আশঙ্কাও থাকে। এই ধরনের শখ থেকে বিরত থাকাই উত্তম।"

তবে স্বাস্থ্যঝুঁকি সত্ত্বেও অরুণ এখনও নখের প্রতি তার ভালোবাসা ধরে রেখেছেন এবং ব্যতিক্রমী এই চর্চা তাকে করে তুলেছে আলোচনার কেন্দ্রে। বহু মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি—একজন সাধারণ মানুষ, যার শখ তাকে করে তুলেছে অসাধারণ।