সারাদেশ
চাঁদাবাজি নয়, সাংবাদিক তুহিন হত্যার নেপথ্যে ভিডিও ফুটেজ: পুলিশ (ভিডিও)
গাজীপুরের চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পুলিশ। তাদের দাবি, হত্যার নেপথ্যে চাঁদাবাজি নয়, বরং একটি ভিডিও ফুটেজ ছিল মূল কারণ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল ইসলাম জানিয়েছেন, একটি মারামারির দৃশ্য মোবাইলে ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে।
তদন্তে বেরিয়ে এসেছে, ঘটনার দিন সড়কে এক নারী ও এক পুরুষের মধ্যে কথাকাটাকাটি হচ্ছিল। সেই সময় ওই নারীকে মারধর করেন এক ব্যক্তি। এরপরই ওই নারীর সঙ্গে থাকা আরও ৪-৫ জন পুরুষ চাপাতি হাতে এসে হামলা চালান ওই পুরুষের ওপর। পরে জানা যায়, হামলার শিকার ওই ব্যক্তির নাম বাদশা মিয়া, যিনি বর্তমানে জয়দেবপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার পুরোটাই মোবাইল ফোনে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তার কাছে গিয়ে ভিডিওটি ডিলিট করতে বলেন। কিন্তু তুহিন রাজি না হওয়ায় বা হয়তো ভিডিও করার কথা অস্বীকার করায়, ক্ষিপ্ত হয়ে সেখানেই তার ওপর চড়াও হন তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই সাংবাদিকের।
এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে হত্যার পেছনের এই কারণ শনাক্ত করতে পেরেছি। এখন পর্যন্ত তদন্তে অন্য কোনো কারণ উঠে আসেনি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চৌরাস্তা মোড়ের মসজিদ মার্কেটের সামনে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।