সারাদেশ

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে ইমাম-মুয়াজ্জিনসহ ৩ জন আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:৩৫ এএম

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে ইমাম-মুয়াজ্জিনসহ ৩ জন আটক
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলায় গতকাল বিকেলে আয়োজন করা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ায় ইমাম, মুয়াজ্জিন ও ইউনিয়ন যুবলীগের এক সদস্যকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে সাতবাড়িয়া গ্রামের প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে ‘স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন’-এর ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম নিজাম উদ্দিন ও মুয়াজ্জিন নজরুল ইসলাম, আর সঙ্গে ছিলেন ইউনিয়ন যুবলীগের সদস্য মো. করিম।

রাতেই এই দোয়া মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, পুলিশ চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তিনজনকে আটক করে। এ ঘটনায় স্থানীয় যুবদল ও জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলও করেছেন।

কবিরহাট থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।