সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মহিলা মাদ্রাসায় দুই শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০১:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মহিলা মাদ্রাসায় দুই শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মহিলা মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর রহস্যজনক ও ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন—বেগপুর এলাকার সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি (১২)।

মাদ্রাসা, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ১২ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জামিলা ও তানিয়া। দুজনেই প্রচণ্ড বমি করতে থাকে এবং পেটের ব্যথার অভিযোগ জানায়। পরে তাদের দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক শাহিদা খাতুন জানান, “রাত আড়াইটার দিকে জামিলা বমি করতে শুরু করে, বমির সঙ্গে রক্তও বের হচ্ছিল। এর কিছুক্ষণ পর তানিয়াও অসুস্থ হয়ে পড়ে এবং বমি শুরু হয়। আমরা তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাই। কীভাবে তাদের মৃত্যু হলো আমরা বুঝতে পারছি না।” তিনি আরও জানান, তানিয়ার একটি হাত ফোলা ছিল, তবে দুজনের শরীরেই সাপে কামড়ানোর কোনো চিহ্ন পাওয়া যায়নি।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল আলিম বলেন, “জামিলা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়, আর তানিয়া হাসপাতালে আনার পর মারা যায়। তাদের মৃত্যু অস্বাভাবিক মনে হচ্ছে। তবে শরীরে সাপে কামড়ের কোনো আলামত পাওয়া যায়নি।”

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।