সারাদেশ
বিয়ের দাবিতে ৭৫ বছর বয়সী বৃদ্ধের অনশন ৩৫ বছরের নারীর বাড়িতে
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছর বয়সী নারীর সঙ্গে বিয়ে ও প্রতারণা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি অনশন করেন।
আবুল কাসেম মুন্সি জানান, তার স্ত্রী সম্প্রতি মারা যাওয়ায় তিনি বিয়ে করতে চাইছিলেন। প্রায় দুই মাস আগে তিনি ওই নারীর সঙ্গে দেখা করেন এবং বিয়ের প্রস্তাব দেন। সেই সময় নারী রাজি হন এবং বিভিন্ন সময়ে তিনি মুন্সির কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেন। কিন্তু কিছুদিন আগে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই নারী তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। মুন্সি বাড়িতে গেলে ভুল ঠিকানা দেওয়া হয়। দীর্ঘ খোঁজখবরের পর শনিবার সকালে তিনি নারীর বাড়িতে উপস্থিত হন।
বৃদ্ধ মুন্সি জানান, “হয় আমার টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে যে প্রতারণা করেছে, তার উপযুক্ত বিচার চাই।”
এলাকাবাসী বলেন, ওই নারী এলাকার হলেও তার স্বভাব-চরিত্র ভালো নয়। তাদের তথ্য অনুযায়ী, সে পূর্বেও বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ করেছে। স্থানীয়রা তার জন্য কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার খবরে ওই নারী আত্মগোপন করেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি অস্বীকার করেন।