সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রীছাউনি এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী লেনে মাওয়া থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটজনক।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর তাদের প্রচেষ্টায় এক্সপ্রেসওয়েতে আবারও স্বাভাবিক পরিবহন চলাচল শুরু হয়।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, প্রাইভেটকারটি অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়ক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে।