সারাদেশ

গাড়ি নিয়ে ‘পালাচ্ছিল’ চার বন্ধু, এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল তিনজনের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০২:৩৯ পিএম

গাড়ি নিয়ে ‘পালাচ্ছিল’ চার বন্ধু, এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল তিনজনের
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার উল্টে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়িটির চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে নেমে গেলে আরোহীরা তাকে ফেলে রেখে নিজেরাই গাড়ি চালিয়ে ঢাকার পথে রওনা হয়।

তবে দ্রুতগতি ও নিয়ন্ত্রণহীনতার কারণে গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে রয়েছেন এক নারী ও দুইজন পুরুষ। ঘটনাস্থলেই তানজীল ও আরমান নামে দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ছায়রা (২০) ও রবিন (২২) কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছায়রাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রবিন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত রবিন বলেন, “আমরা চার বন্ধু রাজধানীর মধ্য বাড্ডা থেকে মাওয়া ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।”

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান, চালক একটি পেট্রোল পাম্পে গাড়ি রেখে টয়লেটে গেলে আরোহীদের একজন গাড়িটি চালু করে ঢাকার পথে রওনা দেন। পথে ষোলঘরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজনের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ভোরে ঢাকামুখী গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারালে রেলিংয়ের সঙ্গে প্রচণ্ড শব্দে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে ছিটকে পড়ে। এসময় চারজন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।