সারাদেশ
পরীক্ষা শুরুর আগে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী শরিফা আক্তার লিপি (২২) প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত কলেজ কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিক্ষার্থী শরিফা আক্তার লিপি সাতক্ষীরা সদর উপজেলার মো. শহিদুল ইসলামের মেয়ে।
শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। তিনি বলেন, “আমাদের ছাত্রী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
পরীক্ষার দিন সকালে এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।