সারাদেশ

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে দেশত্যাগ, দুদিন পরই মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:৩৭ পিএম

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে দেশত্যাগ, দুদিন পরই মৃত্যু
পরাণ কাজী। ছবি: সংগৃহীত

“আল্লাহ হাফেজ বাংলাদেশ” এই শব্দগুলোই ছিল পরাণ কাজীর শেষ ফেসবুক স্ট্যাটাস। পরিবার ও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ রোমানিয়ায়। তবে ভাগ্য যেন ছিল অন্য কিছু লিখে—পাড়ি জমানোর মাত্র দুদিন পরেই সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

রোববার (২৪ আগস্ট) পরাণ কাজীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বাহার।

পরাণ ছিলেন রামনারায়নপুর ইউনিয়নের কাজী বাড়ির বাসিন্দা, প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। পরিবারে দীর্ঘদিনের অভাব-অনটনের বোঝা মাথায় নিয়ে উন্নত জীবনের আশায় গত ২২ আগস্ট দেশ ছাড়েন তিনি।

তবে ভাগ্য হয়তো এমন নিষ্ঠুর হবে, কেউ ভাবেনি। পৌঁছানোর মাত্র দুই দিনের মাথায় কাজের চাপে অতিরিক্ত পরিশ্রমের কারণে স্ট্রোক করে মারা যান তিনি। স্থানীয়দের ভাষ্য, পরাণ ছিলেন একজন শান্ত, নির্লোভ মানুষ। নিজের পরিবারের ভবিষ্যতের জন্যই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, “পরাণ ভাই ছিলেন ভীষণ নিরীহ প্রকৃতির। অভাবের তাড়নায় বিদেশ পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সে যাত্রাই হলো তার শেষ যাত্রা।”

ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, “সে দেশে এসেছিল ছুটি কাটাতে, আবার ফিরে গিয়েই কাজ শুরু করে। অতিরিক্ত পরিশ্রমের কারণে স্ট্রোক করে মারা যায়। এখন পরিবার মরদেহ ফেরত আনতে সরকারের সহায়তা চাইছে।”