সারাদেশ

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার (৩০ আগস্ট) রাত ও রোববার (৩১ আগস্ট) দিনে আলাদা সময়ে তাদের ফেরত পাঠানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৩০ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে বসবাসরত ৫ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে ছিলেন ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশু। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের শ্রীনাথপুর বিজিবি বিওপির কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া ৩১ আগস্ট দুপুর দেড়টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জোড়পাড়া বিএসএফ ক্যাম্প আরও ৪ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে ২ জন নারী, ১ শিশু ও ১ জন পুরুষ ছিলেন। পরে বিকেল ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবির কাছে তাদেরও হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আর আটক পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।