সারাদেশ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহর বাইপাস সড়কে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, জেলা সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি সবসময়ই সচেতন ভূমিকা পালন করে আসছে। আজ বৃক্ষরোপণ কর্মসূচি সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।”
নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি পরিবেশবান্ধব ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।