সারাদেশ
গাজীপুরে ট্রেনের ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে, নিহত ২
গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মহানগরীর দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ট্রাকটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ দুটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত রেলক্রসিংয়ে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত রেলক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।