সারাদেশ

পদ্মার ঢাই মাছ বিক্রি এক লাখ ৪ হাজার টাকায়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

পদ্মার ঢাই মাছ বিক্রি এক লাখ ৪ হাজার টাকায়
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বিশাল আকৃতির একটি ঢাই মাছ। মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলে জীবন হালদার মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে নিয়ে আসেন। এরপর উন্মুক্ত নিলামে মাছটি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী ও শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ মাছটি কিনে নেন।

শাজাহান শেখ জানান, ঢাই মাছের স্বাদ অনন্য। ভোক্তাদের কাছে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বিক্রির জন্য ইতোমধ্যেই বিভিন্ন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এ ধরনের ঢাই মাছ এখন খুবই বিরল। এত বড় আকারের মাছ ধরা পড়া সত্যিই উল্লেখযোগ্য ঘটনা। সাধারণত ঢাই মাছ পাওয়া গেলেও এত ভারী মাছ খুব কমই জালে ওঠে।

এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মাছ বাজারে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকে ভিড় জমিয়ে বিশাল আকৃতির ঢাই মাছটি একনজর দেখতে আসেন।