সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট ও পুলিশ লাইন আঞ্চলিক সড়কের বাস টার্মিনাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসআইয়ের নাম পরিমল চন্দ্র ঘোষ (৫৭)। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং পাবনার বেড়া উপজেলার মালদাপাড়ার পরেশ চন্দ্র ঘোষের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, বিকেলে এসআই পরিমল মোটরসাইকেলে পুলিশ লাইন থেকে পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় এসআই পরিমল গুরুতর আহত হন, বিশেষ করে মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে প্রথমে নিকটবর্তী একটি ক্লিনিকে এবং পরে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মিশুক চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে নিহত এসআইয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় পুলিশ সদস্যরা শোকাহত হয়েছেন। সহকর্মীরা জানান, দায়িত্বশীল ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিমল চন্দ্র ঘোষ সবার কাছে পরিচিত ছিলেন।