সারাদেশ
পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল পরিশোধ ব্যবস্থা চালু আজ
আজ (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় টোল পরিশোধ ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন এই আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেমের মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া সম্ভব হবে।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় পদ্মা সেতুতে এই ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম কার্যকর করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, ইটিসি সিস্টেম ব্যবহারের জন্য আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের TAP অ্যাপে গিয়ে ‘D-Toll’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে।
এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া শেষ হলে গাড়ি ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। গাড়ি চলাচলের সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কর্তন হবে, ফলে সময় বাঁচবে এবং সেতুর যানজট কমবে।
এই নতুন সিস্টেম চালু হওয়ায় পদ্মা সেতু পারাপারের অভিজ্ঞতা আরও সুবিধাজনক, দ্রুত এবং নিরাপদ হবে।