সারাদেশ

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে আটক হওয়া ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাদের আটক করে। পরে সাতক্ষীরা ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি ও ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাংলাদেশিদের থানার মাধ্যমে জিম্মায় নেওয়া হয়। পরবর্তীতে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা। এ ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।