সারাদেশ
চুয়াডাঙ্গার হোটেল থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে মো. মামুনুর রহমান মাসুম (৩৫) নামের এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। নিহত মামুনুর রহমান মূলত কেদারগঞ্জ সবুজপাড়ার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার মামুনুর রহমান তিন বন্ধুকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গায় ভ্রমণে আসেন এবং শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজার সাগরের দাবি, তারা সবাই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তবে দুই বন্ধু পরবর্তীতে চলে গেলেও মামুনুর হোটেলেই থেকে যান। ম্যানেজার আরও জানান, হোটেলে আসার পর থেকেই মামুনুর অসুস্থ ছিলেন। বন্ধুরা তাকে হাসপাতালে নিতে চাইলে তিনি রাজি হননি।
শনিবার সকালে হোটেলের চতুর্থ তলা থেকে কান্নার শব্দ শুনে হোটেল ম্যানেজার উপরে যান। সেখানে গিয়ে দেখতে পান, মামুনুরের স্বজনরা কান্নাকাটি করছেন। তাদের পরামর্শ দেওয়া হয় দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এ সময় দেখা যায়, মামুনুরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং কিছুক্ষণ পর তিনি মারা যান। পরে স্বজনরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মামুনুরের এক বন্ধু মামুন জানান, শুক্রবার তিনি অসুস্থ বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। হাসপাতালে নেওয়ার কথা বললেও তিনি অস্বীকৃতি জানান। তার বন্ধু মাদকাসক্ত ছিলেন বলেও তিনি দাবি করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সিআইডি ও পিআইবিকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বিস্তারিত তদন্ত করবে। পাশাপাশি আমরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”