সারাদেশ

সাতক্ষীরায় গ্রিড স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

সাতক্ষীরায় গ্রিড স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে পুরো জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পরপরই সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগের টেকনিক্যাল টিম দ্রুত কাজ শুরু করেছে এবং আশা করা হচ্ছে বিকেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার অতিরিক্ত গরম হয়ে যাওয়া (ওভারহিট) বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।