সারাদেশ

বাউফলে গলায় কলা আটকে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম

বাউফলে গলায় কলা আটকে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে কলা খাওয়ার সময় গলায় আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব ওই এলাকার সোহেল প্যাদা ও নাসরিন বেগম দম্পতির ছোট ছেলে।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বড় বোনের সঙ্গে কলা খাওয়ার সময় অসাবধানতাবশত একটি টুকরো মোতালেবের গলায় আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কলার টুকরো গলায় আটকে যাওয়ায় শ্বাসরোধ হয়ে সে মারা যায়। শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা ঘটার নজির রয়েছে।”

হঠাৎ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার ও গ্রামে।