সারাদেশ
চাকরি ফিরে পেতে প্রতিবাদ, এক বছর ধরে কারখানার সামনে অবস্থান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের মাহমুদ ডেনিম কারখানার সামনে প্রতিদিনই দেখা মেলে এক মাঝবয়সী মানুষের। হাতে কোনো প্ল্যাকার্ড নেই, স্লোগান নেই। শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকা।
তিনি ময়মনসিংহের মুক্তাগাছার নজরুল ইসলাম (৪২)। শুধু চাকরিটি ফিরে পেতে এক বছর ধরে একই ভঙ্গিতে উপস্থিত হচ্ছেন।
নজরুল ইসলাম জানান, গত বছর (২০২৪) কারখানার ভেতরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু ঐ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না।
তিনি বলেন, “পরিবারে স্ত্রী, ছোট ২ সন্তান ও বৃদ্ধ মা। হঠাৎ চাকরি চলে যাওয়ায় ঘরে অভাব নেমে এসেছে। ভেবেছিলাম কয়েকদিনে হয়তো সত্য প্রকাশ পাবে, কিন্তু কেউ আমার কথা শুনল না।” প্রতিদিন সকালে নজরুল বাড়ির কাজ সেরে সফিপুরে আসেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে কারখানার ফটকের কাছে দাঁড়িয়ে থাকেন বিকেল পর্যন্ত। সহকর্মীরা আসা-যাওয়ার সময় তাকে দেখে। অনেকে এগিয়ে এসে খোঁজখবর নেন, কেউ কেউ সহানুভূতি জানিয়ে বলেন, “ভাই, হাল ছাড়বেন না।”
তিনি আরও বলেন, “আমি শুধু আমার ন্যায্য অধিকার চাই। আমি কারখানার কারো ক্ষতি করিনি। আশা করি মালিকপক্ষ আমার কথা শুনবেন।”
কারখানার এক শ্রমিক রহিমা বেগম বলেন, “নজরুল ভাই ভালো মানুষ। আমরা সবাই জানি, তিনি ঐ ঘটনার সাথে জড়িত না। তবু তার এই অবস্থা! দেখে মন খারাপ হয়।”
নজরুলের স্ত্রী রুবিনা আক্তার বলেন, “ঘরে এখন টানাপোড়েন চলছে। বাচ্চাদের পড়াশোনা, সংসারের খরচ সবকিছুই ঝুঁকিতে। তিনি আশা হারাননি, আমরাও হারাচ্ছি না।”
শ্রমিক অধিকারকর্মী সেলিম হোসেন জানান, “শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণ হওয়া উচিত। অন্যথায় এ ধরনের ঘটনা শ্রমিকদের মধ্যে হতাশা ও অবিশ্বাস সৃষ্টি করে।”
কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি পরিচালনা পর্ষদের বিবেচনায় রয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটি পুনরায় খতিয়ে দেখা হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
নজরুলের এই ধৈর্য ও নীরব প্রতিবাদ সফিপুর এবং গাজীপুরের শ্রমিক সমাজে আলোড়ন তুলেছে। তার গল্প এখন শ্রমজীবী মানুষের দৃঢ়তা ও ন্যায়ের প্রতি অটল বিশ্বাসের এক ব্যতিক্রম উদাহরণ হয়ে উঠেছে।