সারাদেশ

কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ: মারা গেলেন দগ্ধ দোকান কর্মচারী আল আমিন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ: মারা গেলেন দগ্ধ দোকান কর্মচারী আল আমিন
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দোকান কর্মচারী আল আমিন হোসেন বাবু (২২)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও অবশেষে মৃত্যুর কাছে হার মানেন আল আমিন।

নিহত আল আমিন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি টঙ্গী রেলওয়ে কলোনিতে বসবাস করতেন এবং সাহারা মার্কেট সংলগ্ন একটি হার্ডওয়্যার ও রঙের দোকানে কর্মরত ছিলেন।

তার সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, “গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেটের পাশে অবস্থিত একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। পাশেই আমাদের দোকান থাকায় মালামাল সরাতে গিয়ে আল আমিন আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন।”

উল্লেখ্য, ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভানোর সময় টঙ্গী ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার—শামীম আহমেদ ও নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার দিন টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর এক পর্যায়ে বিকট বিস্ফোরণ ঘটে, যাতে চারজন ফায়ার ফাইটার ও আল আমিনসহ আরও কয়েকজন দগ্ধ হন।

বর্তমানে আরও একজন দগ্ধ রোগী ও ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইম বার্ন ইউনিটে চিকিৎসাধীন। নাইমের শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।