সারাদেশ

প্রেমিকের দেখা পেতে রংপুরের বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে ১০ম শ্রেণির ছাত্রী


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

প্রেমিকের দেখা পেতে রংপুরের বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে ১০ম শ্রেণির ছাত্রী
ছবি: সংগৃহীত

প্রেমিকের সঙ্গে দেখা করতে রংপুরের উদ্দেশে যাত্রা করেছিল হবিগঞ্জের এক দশম শ্রেণির স্কুলছাত্রী। কিন্তু বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে পৌঁছে যায় রাজধানী ঢাকায়। গভীর রাতে মহাখালী বাস টার্মিনালে একা বাসে পড়ে থাকা ওই কিশোরীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক বিজ্ঞপ্তিতে জানান, রাত ৩টার দিকে এক বাসযাত্রীর ফোন কলে কিশোরীকে উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জের ওই কিশোরী পরিবারের অজান্তে প্রেমিকের সঙ্গে দেখা করতে রংপুরের উদ্দেশ্যে বাসে উঠে। গাজীপুরে নেমে রংপুরগামী বাস ধরার কথা থাকলেও, বাসে ঘুমিয়ে পড়ায় সে গাজীপুরে নামতে পারেনি। গভীর রাতে পৌঁছে যায় মহাখালী বাস টার্মিনালে।

বাসের সব যাত্রী নেমে গেলেও কিশোরী রয়ে যায় বাসেই। পরে বাসের স্টাফরা মেয়েটিকে ঘিরে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় বাসে থাকা অন্য এক যাত্রী অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দেন।

৯৯৯-এর কনস্টেবল সালমান ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিষয়টি জানান। পরে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, মেয়েটির পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। অভিভাবকরা ঢাকা পৌঁছালে তাকে তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।