সারাদেশ

বিজিবির কঠোর অবস্থানে খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : বিজিবি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

বিজিবির কঠোর অবস্থানে খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : বিজিবি
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি ও গুইমারায় উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

তিনি জানান, পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যেই ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

“দ্রুত পদক্ষেপের কারণে কেউ বড় ধরনের নাশকতার সুযোগ পায়নি। সেনাবাহিনী, অন্যান্য বাহিনী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে,” বলেন কর্নেল মোত্তাকিম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “বিজিবির কঠোর অবস্থানের কারণে খাগড়াছড়ি ও আশপাশ এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

তিনি জানান, অবরোধ প্রত্যাহার করা হয়েছে এবং অচিরেই ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখা হয়েছে যাতে ওপাশ থেকে কোনো অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে। পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজিবির অভিযান চলমান থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান ও ইউছুপ আলী উপস্থিত ছিলেন।