সারাদেশ

ভোলায় জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম

ভোলায় জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান 
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের ৪৫ জন নেতাকর্মী বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন। আহম্মদপুর ইউনিয়নের সাবেক জামায়াত আমির এবং দুলারহাট থানার সাবেক বায়তুলমাল সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে সোমবার রাতে এই দলবদল ঘটে। তাদের স্বাগত জানাতে চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম তাঁর নিজ বাসভবনে একটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করেন।

জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত জানিয়ে নাজিম উদ্দিন আলম বলেন, ‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে। এতে আগামী নির্বাচনে দলের বিজয়ের পথ সুগম হবে।

জামায়াতের সাবেক নেতা ওমর ফারুক জানান, চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট ছিলেন না। বিএনপির কার্যক্রম তাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় তিনিসহ ৪৫ জন নেতাকর্মী নাজিম উদ্দিন আলমের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছেন। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা সবসময় বিএনপির সঙ্গে থাকবেন।

‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী।