সারাদেশ
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাটুরিয়ায় যুবদলের ২ নেতাকে শোকজ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের কারণে সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে শোকজ করেছে মানিকগঞ্জ জেলা যুবদল।
সাংগঠনিক দায়িত্বে থেকে সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম, ব্যক্তি স্বার্থে অর্থনৈতিক সুবিধা গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের কারণে আগামী তিন দিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু ও সদস্যসচিব তুহিনুর রহমান তুহিনের যৌথ স্বাক্ষরিত পৃথক প্যাডে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু জানান, দলের ভাবমূর্তি নষ্ট করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
প্রাথমিকভাবে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ‘সংগঠনের নিয়মবহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এতে আমি নিজেও অপরাধ করলে দল ব্যবস্থা নেবে।
দলীয় কার্যালয়ে আহ্বায়ক ও সদস্যসচিবের সামনে উপস্থিত হয়ে তাদের কাছে ৩ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।’