সারাদেশ

পদ্মার এক পাঙ্গাস ৩৫ হাজার টাকায় বিক্রি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম

পদ্মার এক পাঙ্গাস ৩৫ হাজার টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে ৩৫ হাজার ১০০ টাকায়।

শুক্রবার ভোরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সোনাই হালদার পদ্মায় মাছ শিকারে বের হন। সকাল বেলা দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলতেই তার জালে ধরা পড়ে বড়সড় পাঙ্গাস মাছটি। পরে তিনি মাছটি নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাটের আনোয়ার খা ওরফে আনু খায়ের আড়তে।

সেখানে উন্মুক্ত নিলামে মাছটির দাম ওঠে কেজি প্রতি ১ হাজার ৯০০ টাকা। ফলে ১৮ কেজি ওজনের পাঙ্গাসটি ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৩৪ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১ হাজার ৯৫০ টাকা দরে মোট ৩৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, বর্তমানে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য পদ্মাসহ দেশের বিভিন্ন নদীতে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। রাজবাড়ীসহ মোট ২০টি জেলার নদীতে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত চলবে। তবে নিষেধাজ্ঞা শেষে পদ্মায় আবারো রিঠা, ঢাই, কাতল, বড় আকারের পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রাচুর্য দেখা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।