সারাদেশ

আজ রাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ, মা ইলিশ রক্ষায় শুরু বিশেষ অভিযান


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম

আজ রাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ, মা ইলিশ রক্ষায় শুরু বিশেষ অভিযান
ছবি: সংগৃহীত

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন দেশের নদ–নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

গোয়ালন্দ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মৎস্য বিভাগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে। এ সময় ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজনকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। তবে জেলেরা দাবি জানিয়েছেন, সঠিক তালিকা তৈরি করে বরাদ্দ যেন সবার কাছে পৌঁছে যায়।

নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের পাশাপাশি নৌপুলিশ ও কোস্টগার্ডও দায়িত্ব পালন করবে। সচেতনতা বাড়াতে জেলেপল্লিগুলোতে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা কর্মসূচি চলছে। স্থানীয়রা বলছেন, এখন জেলেরা অনেক সচেতন, তাই সরকারের আইন অমান্য করে নদীতে নামবে না কেউ।

এদিকে নিষেধাজ্ঞার খবরে ইলিশ কিনতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন মৎস্য ঘাটে। তবে বাজারে ইলিশের দাম এখনও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, ২২ দিন নদীতে কঠোর নজরদারি রাখা হবে। প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, “জেলেদের ২২ দিন ধৈর্য ধরে মা ইলিশ রক্ষায় সহযোগিতা করতে হবে। সরকার তাদের বিকল্প কর্মসংস্থান ও সহায়তা দেবে। তবে কেউ যদি আইন অমান্য করে নদীতে নামে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, “নিষিদ্ধ সময়ে নদী থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়—সবই সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।”

তিনি আরও বলেন, “মা ইলিশকে প্রজনন মৌসুমে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতে হবে। এখন যদি মা ইলিশ ধরা হয়, তাহলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ নিষেধাজ্ঞা শুধু শাস্তির জন্য নয়, বরং জেলেদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য।”