সারাদেশ
কক্সবাজারে অপহৃত স্কুলছাত্রী রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট শিক্ষকের হাতে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে। অপহৃত ছাত্রী চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে মিম (১১)। সে স্থানীয় চকরিয়া কোরক বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরদিন বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশ কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিমকে উদ্ধার করে। তবে অভিযুক্ত গৃহশিক্ষক এখনো পলাতক।
চকরিয়া থানার এসআই জাকির হোসেন উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন এএসআই জসিম উদ্দিন।
অপহৃত মিমের বাবা সাইফুল ইসলাম বলেন, “আমার মেয়েকে যে শিক্ষক প্রাইভেট পড়াতেন, তিনিই মঙ্গলবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে বুধবার সকালে তিনি ফোন করে মেয়ের মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং একটি বিকাশ নম্বর দেন। এরপরই আমি চকরিয়া থানায় বিষয়টি জানাই।”
চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “অভিযোগ পাওয়ার পর বিকাশ নম্বরের সূত্র ধরে অপহরণকারীর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত গৃহশিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।