সারাদেশ

রংপুরে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:৩২ পিএম

রংপুরে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরে শিশুদের টাইফয়েড প্রতিরোধে আগামী ১২ অক্টোবর (রোববার) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন। এই সময়ের মধ্যে সিটি করপোরেশনসহ জেলার আটটি উপজেলায় মোট সাড়ে ৮ লাখের বেশি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “টাইফয়েড টিকাদান কর্মসূচি” বিষয়ক সাংবাদিক পরামর্শ কর্মশালা (কনসালটেশন ওয়ার্কশপ) অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

ওয়ার্কশপে জানানো হয়, ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় রংপুরের আট উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এক ডোজ করে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

রংপুর জেলার আট উপজেলায় ৬ লাখ ৪৮ হাজার ৮৫৪ জন এবং রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে আরও ২ লাখ ১০ হাজার ৬১৯ জন শিশুকে এই টিকা দেওয়া হবে। ইতোমধ্যে জেলায় ১ লাখ ৭৬ হাজার ৭৫৬ জন এবং সিটি করপোরেশনে ৩৬ হাজার ৮৬ জন শিশুর অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে।

ওয়ার্কশপে বলা হয়, ৯ মাস বয়সি থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা একটি করে টাইফয়েড টিকা পাবে। টিকাদান কার্যক্রম চলবে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্ধারিত ইপিআই টিকাদান কেন্দ্রে।

টিকা নেওয়ার জন্য শিশুর অনলাইনে থাকা ১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। যাদের জন্ম নিবন্ধন অনলাইনে নেই, তাদের নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ের মাধ্যমে অনলাইন নিবন্ধন নিশ্চিত করতে বলা হয়েছে।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ইউনিসেফ প্রতিনিধি মঞ্জুর আহমেদসহ স্বাস্থ্য ও প্রশাসন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, “টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। আমরা চাই এই ক্যাম্পেইনকে একটি উৎসবে পরিণত করতে, যাতে প্রতিটি শিশুই টিকার আওতায় আসে। কেউ যেন টিকা নিয়ে বিভ্রান্তি বা গুজব না ছড়ায়—সেজন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির।

বিশেষজ্ঞরা জানান, টাইফয়েড হলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ ও এর জটিলতা থেকে শিশুরা নিরাপদ থাকতে পারে।