সারাদেশ
ইলিশ কিনতে গিয়ে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, যুবক নিখোঁজ ২৪ ঘণ্টা পরও
পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ কিনতে গিয়ে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩৫) নামের এক ব্যক্তি। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।
রোববার (১২ অক্টোবর) সকাল থেকে ডুবুরি দল নদীতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনুসন্ধান চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ রাসেল খান পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে।
নৌ–পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে রাসেল খানসহ চারজন একটি নৌকায় করে নদীতে ইলিশ মাছ কিনে ফিরছিলেন। তারা তেঁতুলিয়া নদী হয়ে কালাইয়া ইউনিয়নের আলোকি খালের মুখে পৌঁছালে নৌ–পুলিশের টহল দল তাদের দেখে ফেলে। এসময় আতঙ্কে রাসেল খান নদীতে ঝাঁপ দেন।
পুলিশ জানায়, নৌকায় থাকা অন্য দুই ব্যক্তি দ্রুত পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান। পরে মানবিক কারণে একজনকে মাছসহ পাওয়া গেলেও তাকে আটক করা হয়নি।
ঘটনার পর থেকেই এলাকাজুড়ে চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নদীর পাড়ে ভিড় জমিয়ে নিখোঁজ রাসেলের সন্ধান প্রত্যাশা করছেন।
এ বিষয়ে কালাইয়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন জানান, “নিষিদ্ধ ইলিশ ধরার অভিযানে থাকা অবস্থায় ঘটনাটি ঘটে। নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকেই আমরা ডুবুরি দল দিয়ে অনুসন্ধান শুরু করেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।”
তিনি আরও বলেন, “এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নদী ও উপকূল এলাকায় মাছ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজন জেলে ও মাছ ব্যবসায়ীকে জরিমানা ও আটক করা হয়েছে।