সারাদেশ
পিরোজপুরে ম্যানেজিং কমিটিতে জামায়াতের এমপি প্রার্থীকে হারিয়ে সভাপতি ছাত্রদল নেতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে চমক দেখিয়েছেন তরুণ ছাত্রনেতা মো. শাহাদাৎ হোসেন ফরাজি। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এই নেতা জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী ও উপজেলা আমীর শরীফ মো. আব্দুল জলিলকে পরাজিত করে সভাপতি পদে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাদ্রাসার সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতজন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে শাহাদাৎ হোসেন ফরাজি সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হন। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ও মঠবাড়িয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এর আগে গত সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকরা ভোট দিয়ে সাতজন সদস্য নির্বাচন করেন। পরবর্তীতে এই সাতজন সদস্যই সভাপতির জন্য ভোট দেন। নির্বাচনে জামায়াত নেতা শরীফ মো. আব্দুল জলিলের অংশগ্রহণের কারণে স্থানীয়ভাবে এ নির্বাচন রাজনৈতিক গুরুত্ব পায়। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।
পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসাটি এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠা করেছিলেন মরহুম আলহাজ মফিজ উদ্দিন মোল্লা। বহু বছর ধরে এই মাদ্রাসা ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে সুদীর্ঘ সুনাম ধরে রেখেছে।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। তারা জানান, তরুণ ও শিক্ষানুরাগী নেতা শাহাদাৎ ফরাজির নেতৃত্বে মাদ্রাসার উন্নয়ন ও আধুনিকায়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।
নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, “এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নেছারিয়া দাখিল মাদ্রাসাকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”