সারাদেশ
ফরিদপুরে ভয়াবহ আগুনে ২০ দোকান পুড়ে ছাই
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার কাদিরদি বাজারের বাচ্চু মোল্লার মার্কেটে নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের মুদি, ওষুধ, কাপড়, চা, বীজ ও জুতার দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাই ছুটে আসে, কিন্তু আগুন এত দ্রুত ছড়ায় যে কিছুই বাঁচানো যায়নি। অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।”
সাতৈর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, আগুনে ২০-২৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিমাংশ শেখর বিশ্বাস বলেন, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।”
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ২০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহায়তা কামনা করেছেন।