সারাদেশ

আমার ছেলে জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে: ত্বকীর বাবা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০২:১৪ পিএম

আমার ছেলে জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে: ত্বকীর বাবা
কথা বলছেন হাফেজ সাইফুর রহমান ত্বকীর বাবা মাওলানা বদিউল আলম। ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর জানাজা গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে তার নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে সন্তানের মৃত্যুতে শোকাহত বাবা মাওলানা বদিউল আলমের আবেগঘন বক্তব্য সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি করেছে।

জানাজা নামাজের আগে উপস্থিত বিশাল জনসমাবেশের সামনে ত্বকীর বাবা মাদরাসা শিক্ষক মাওলানা বদিউল আলম বলেন, আমার ছেলে হাসপাতালের আইসিইউতে যতটুকু প্রাণশক্তি ছিল সেটুকু দিয়ে জিকির করেছে। আমি বেডের কাছে গিয়ে শুনতাম আমার ছেলে কী করছে। তার প্রতিটি নিঃশ্বাসে আমি জিকিরের শব্দ শুনেছি।

তিনি বলেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমি জানি আমার ছেলে কেমন ছিল। ইসলামের নিয়ম অনুযায়ী জীবন-যাপন করেছে। সে যখন মারা যায়, আমার কষ্ট হয়েছে, তবে আমি জানি আমার রবের সন্তুষ্টি কী। আমি দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেছি। আমি তাকে সাদা কাপড়ে মুড়িয়ে বাড়ি এনেছি, তার লাশ আমি কাঁধে নিয়েছি, তাকে জান্নাতে পৌঁছে দেব বলে।

এর আগে মঙ্গলবার রাত ১০টায় মুরাদনগর উপজেলার গ্রামের বাড়ি ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে ত্বকীর মরদেহ দাফন করা হয়।

স্বজনরা জানান, সম্প্রতি ত্বকী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা হাসপাতালে ত্বকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেছিলেন এবং এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।

হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। এ ছাড়াও তিনি এনটিভিতে প্রচারিত কোরআনের আলো অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন।

কুমিল্লা মুরাদনগরের ডালপা গ্রামের ২০০০ সালে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। বাবা মাওলানা বদিউল আলম পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। তার ৫ ছেলের মধ্যে ত্বকী সবার বড় ছিলেন।