সারাদেশ

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,২৫৬ জন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,২৫৬ জন
ছবি: সংগৃহীত

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,২৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮০৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকায় অতিরিক্ত ৪৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে মোট ১,২৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৮০৪ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। বাকি ৪৫২ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।”

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-দুটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, একটি কার্তুজ, একটি গুলির খণ্ডিত অংশ এবং একটি দেশীয় তৈরি একনলা বন্দুক।

পুলিশ সদরদপ্তর জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।